মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতের দিকে হামলার পর দুই দেশেই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর পর তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে। এর অংশ হিসেবে প্রথম দফায় কুয়েত ও বাহরাইনে হামলার পর কিছু সময় বিরতি দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় কুয়েত সরকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে। একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বাহরাইনের রাজধানী মানামায় কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌ-বহরের সদর দপ্তর অবস্থিত, যা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
উল্লেখ্য, গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরানের বিরুদ্ধে হেলিকপ্টারটি ভূপাতিত করার অভিযোগ তুলে তেহরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিলেও ইরান হামলা অব্যাহত রেখেছে। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ