আসন্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের কোথাও কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা ঝুঁকি নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছে, অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল যাতে না হতে পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণত নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়। তবে প্রশাসনের দাবি অনুযায়ী বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এছাড়া তিনি জানান, সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
হাফিজ/ আয়না নিউজ