ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। এ উদ্দেশ্যে তার সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শুক্রবার (১৯ জুন) শুরু হওয়ার কথা থাকা এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যু, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সফর স্থগিতের পেছনে আনুষ্ঠানিকভাবে ‘লজিস্টিক বা কারিগরি জটিলতা’র কথা বলা হলেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভ্যান্স সাংবাদিকদের জানান, আলোচনার সময়সূচি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি এবং ইরানি প্রতিনিধিদের ভ্রমণসংক্রান্ত কিছু সমস্যাও রয়েছে। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হলেও চলমান আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার ধারাবাহিকতায় প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ভ্যান্সকে ট্রাম্প প্রশাসনের ইরাননীতি বাস্তবায়নে অন্যতম প্রধান মুখ হিসেবে দেখা হচ্ছে এবং নতুন আলোচনায় তার নেতৃত্ব দেওয়ার বিষয়টি কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
তবে সফর স্থগিত হলেও হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা আয়োজনের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনুকূলে এলে ভ্যান্স যেকোনো সময় সুইজারল্যান্ডে যেতে প্রস্তুত আছেন।
হাফিজ/ আয়না নিউজ