| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ম্যাচ দেখতে যাওয়ার পথে গুলির মুখে আর্জেন্টিনা সমর্থকরা, নিহত ১

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 383 বার পঠিত
ম্যাচ দেখতে যাওয়ার পথে গুলির মুখে আর্জেন্টিনা সমর্থকরা, নিহত ১

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনার সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ি বন্দুক হামলার শিকার হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ওই উবার চালকও রয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কানসাস সিটির বিভিন্ন মহাসড়কে প্রায় আধাঘণ্টাব্যাপী একাধিক গুলির ঘটনা ঘটে। এরই মধ্যে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী একটি উবার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

সমর্থকদের ভাষ্য অনুযায়ী, চলন্ত গাড়ির পাশে আরেকটি গাড়ি এসে দুটি গুলি ছোড়ে। প্রথমে তারা শব্দটিকে টায়ার বিস্ফোরণ বলে মনে করলেও পরে দেখতে পান চালকের পায়ে গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং আহত চালককে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, একই সময়ে সংঘটিত ধারাবাহিক হামলাগুলোতে একজন ব্যক্তি নিহত হন এবং আরও চারজন আহত হন। নিহত ব্যক্তি একটি গাড়ি দুর্ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যান।

ঘটনার সঙ্গে বিশ্বকাপ ম্যাচ বা আর্জেন্টিনা সমর্থকদের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে এবং তাকে সশস্ত্র ও বিপজ্জনক বলে সতর্ক করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এই ঘটনায় বিশ্বকাপ চলাকালে দর্শক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪