দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছে। খবরটি নিশ্চিত করেছে আল-জাজিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলাকে এলাকাটিতে ইসরায়েলের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। হামলায় একাধিক আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় স্থানীয় সূত্র।
এনএনএ’র তথ্য অনুযায়ী, নাবাতিয়ে শহর, কফর জৌজ এবং আশপাশের কফর রেমেন ও জেবদিনসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়। পরে কফর তিবনিত ও রাইহান পাহাড় এলাকায় একাধিক বিমান হামলার ঘটনাও ঘটে।
হামলার বিভিন্ন ঘটনায় প্রাণহানির তথ্যও পাওয়া গেছে। নাবাতিয়ে ও হারুফ এলাকায় অন্তত ৮ জন নিহত হন। আল-শারকিয়া ও দুইরের মাঝামাঝি একটি বাড়িতে পৃথক হামলায় আরও ৪ জন নিহত হয়। এছাড়া কফর সির শহরে আরেকটি হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, দুইর পৌরসভার ভবনের কাছে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ।
সম্পূর্ণ অঞ্চলজুড়ে চলমান এই হামলার ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও মানবিক সংকট তৈরি হয়েছে। লেবানন কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ