প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও বিরতির পর যেন পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। দুর্দান্ত দ্বিতীয়ার্ধে চার গোল করে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল সুইসরা।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বসনিয়ার রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হয় সুইজারল্যান্ডকে। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জোহান মানজাম্বি। ৭৪তম মিনিটে তিনি গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ৮০তম মিনিটে বসনিয়ার তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৪তম মিনিটে ব্যবধান বাড়ান রুবেন ভার্গাস। ম্যাচের ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মানজাম্বি।
যোগ করা সময়ে এরমিন মাহমিক একটি গোল শোধ দিলেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডের ৪-১ জয় নিশ্চিত করেন অধিনায়ক গ্রানিত জাকা।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শক্ত অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে কঠিন সমীকরণের সামনে পড়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।
হাফিজ/ আয়না নিউজ