| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় নিখোঁজ চার স্কুলছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 229 বার পঠিত
সাতক্ষীরায় নিখোঁজ চার স্কুলছাত্রী উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে কয়েক ঘণ্টার মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছনিয়ার বাড়ি থেকে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চারজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মো. আব্দুল হালিম গাজীর মেয়ে আশামনি (১৬), মো. মুত্তাসিনের মেয়ে দিঘি ইসলাম (১৬), মো. আজমলের মেয়ে আজমিরা এবং মো. অহিদুল ইসলামের মেয়ে ছামিয়া। তারা সবাই স্থানীয় নওয়াবেঁকী ছবিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় চার ছাত্রী। কিন্তু স্কুল শেষে তারা বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বিকেলে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই শ্যামনগর থানার একটি বিশেষ পুলিশ দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

শ্যামনগর থানার পুলিশ জানায়, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই চার ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ায় অভিভাবকরা শ্যামনগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪