আল-রাজীব: নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। বিক্রি হচ্ছে আগের দামেই। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। মাছেরও তেমন দাম বাড়েনি। গরুর মাংসের দামেও নেই খুব একটা হেরফের। অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় কোনো পণ্যের দামেই তেমন কোনো পরিবর্তন নেই। আগের দামেই বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্য। তবে কিছু কিছু পণ্য উচ্চমূল্যের ওপর স্থিতিশীল থাকায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে গরু ও মুরগীর মাংসের দোকানে ভিড় কিছুটা কম থাকলেও বিভিন্ন রকমের মাছ ও সবজির দোকানে কিছুটা ভিড় দেখা গেছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি রুই মাছ ৩শ ৫০ থেকে ৬শ টাকা, শিং মাছ ৪শ টাকা, মাগুর মাছ ৫শ টাকা, কৈ মাছ ২শ ৫০ টাকা, চিংড়ি মাছ প্রকারভেদে ৮শ থেকে ১ হাজার ২ শ টাকা, তেলাপিয়া মাছ ২শ টাকা এবং পাঙ্গাস মাছ প্রকারভেদে ২শ থেকে ৩শ ৫ এবং তুলার ডাডি মাছ ৫শ থেকে ৬ শ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সরবরাহ এখনো কম থাকায় ৭শ ৫০ থেকে ৮শ গ্রাম ইলিশ ২ হাজার টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশত থেকে দুই হাজার ছয়শত টাকা দরে।
বাজারে গত সপ্তাহ থেকে সবজির দাম কিছুটা বাড়তি। প্রতি কেজি পটল ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা এবং চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, টমেটো ৫০ থেকে ৮০ টাকা, এবং লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা লাল শাক প্রতি আটি ১৫টাকা এবং পুই শাক প্রতি আটি ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
গত সপ্তাহের চেয়ে কাঁচামরিচের ঝাল কিছুটা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু আগের দামেই বিক্রি হচ্ছে ১০ টাকা হালি দরে। ধনেপাতা ২শ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেয়াজ ৩০ থেকে ৪০ টাকা, রসুন ১শ থেকে ১শ ২০ টাকা এবং আদা ১শ থেকে ১শ ৬০ টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আগের দামেই লাল ডিম ১২০ ,সাদা ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগীও বিক্রি হচ্ছে আগের দামেই । বয়লার ১৬০ এবং সোনালী মুরগী ৩শ থেকে ৩শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে । তবে দেশি মুরগীর দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২০ টাকা।
এছাড়া চাহিদা কম থাকায় গরুর মাংস ৭ শ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১ শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজীব/ হাফিজ/ আয়না নিউজ