মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৭ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নেন এবং স্থানীয়দের সহায়তায় তাদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেন। পরে তারা ভারতীয় অংশেই অবস্থান করতে বাধ্য হন।
এর আগে লালমনিরহাট সীমান্তের বিভিন্ন পয়েন্টেও পুশইনের একাধিক চেষ্টা চালানো হয় বলে জানা গেছে। সেখানে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি।
এদিকে সীমান্ত এলাকায় উত্তেজনা এড়াতে বিজিবি অতিরিক্ত টহল জোরদার করেছে। স্থানীয়দেরও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। বিজিবি বলছে, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
সীমান্তে আটক থাকা ব্যক্তিদের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ